Friday, January 27, 2012


পুঁজিবাজার: পরিপত্র আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার
ঢাকা, জানুয়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ‘ফাটকা কারবারে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বিনিয়োগ বিধি-বহির্ভূত’ উল্লেখ করে ১৮ জানুয়ারি জারি করা পরিপত্রটি আদেশ জারি করে বাতিল করা হয়েছে।

মৌখিকভাবে প্রত্যাহারের এক সপ্তাহ পর বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব আবদুস সোবহান সিকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বৃহস্পতিবার জারি করা প্রত্যাহারের আদেশটি ১৮ জানুয়ারির তারিখে ইস্যু করা হয়েছে। ইস্যুর তারিখ থেকেই এটি কার্যকর হয়েছে।”

বিধি-নিষেধ সম্বলিত পরিপত্রটি প্রত্যাহার করায় সরকারি কর্মকর্তা ও কর্মচারিরা এখন আগের মতোই শেয়ারবাজারসহ ব্যবসায় বিনিয়োগ করতে পারবেন কি না, এ প্রশ্নের জবাবে সচিব বলেন, “আমরা শুধু প্রত্যাহার করেছি। এরপরের বিষয়ে কোনো মন্তব্য করতে পারছি না।”

গত ১৮ জানুয়ারি সন্ধ্যা ৬টার দিকে বিধি-নিষেধ সম্বলিত পরিপত্রটি জারি হয় সচিব আবদুস সোবহান সিকদারের স্বাক্ষরে। তবে পরিপত্র জারির মাত্র দুই ঘণ্টার মধ্যেই তিনি মৌখিকভাবে তা প্রত্যাহারের কথা জানান।

ওই পরিপত্রে বলা হয়েছিল, অনুমতি ছাড়া কোনো ধরনের ব্যবসাই সরকারি কর্মকর্তা-কর্মচারী করতে পারেন না।

পরিপত্র জারির আগের দিন (১৯ জানুয়ারি) বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত এক খবরে মন্ত্রিসভার বৈঠকের বরাত দিয়ে প্রকাশিত এক খবরে বলা হয়, সরকারি কর্মকর্তাদের পুঁজিবাজারে বিনিয়োগ বন্ধে প্রচলিত আইন কঠোরভাবে অনুসরণ করা হবে।

এ প্রেক্ষিতে ‘বিভ্রান্তির’ কারণে দেশের দুই পুঁজিবাজারে ওই দিন লেনদেন বন্ধ রাখে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

দেশে প্রচলিত আইন অনুযায়ী সরকারি কর্মকর্তা-কর্মচারীদের লাভজনক কর্মকাণ্ডে জড়িত থাকার সুযোগ না থাকলেও আইনের ফাঁক দিয়ে পুঁজিবাজারে সরকারি চাকুরেরা বিনিয়োগ করে আসছে।

১৮ জানুয়ারির পরিপত্রে পুঁজিবাজারের কথা সুনির্দিষ্টভাবে উল্লেখ করা না হলেও বলা হয়, ঝুঁকিপূর্ণ বিনিয়োগের ক্ষেত্র হিসেবে পুঁজিবাজারকে বিবেচনা করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

0 comments: